পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। তবে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে অনুমোদিত জাহাজ চলাচল করতে পারবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযানকে দ্বীপে চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর।

এ ছাড়া সেন্টমার্টিন ভ্রমণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। এ ফি আদায় এবং পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে পরিবেশ অধিদপ্তর।

এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, সেন্টমার্টিনে পর্যটক চলাচলের ক্ষেত্রে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের নির্দেশনার অন্যান্য বিধানও বহাল থাকবে।