পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কোনো কোনো মহল রাজনৈতিক হীন চরিতার্থ করতে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়; এটা আমরা কঠোর হস্তে দমন করবো।’ কেউ কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিকরা অনেক কারখানা বন্ধ থাকার কথা জানালে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, খুব শিগগিরই সেগুলো খোলার ব্যবস্থা করা হবে।
এর আগে সোমবার শ্রমিক সংগঠনের নেতা, মালিক ও ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সবার সন্তুষ্টির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কিছু কিছু দুষ্কৃতকারীরা হয়তো হামলা-টামলা করতে চাচ্ছে। কারণ শ্রমিকদের দাবি-দাওয়া যেটা ছিল আমরা সেটা ফুলফিল করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে।’ বর্তমানে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য শ্রমিকরা মজুরি বোর্ডে দরকষাকষি করবেন বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হস্তে দমন করবো।’




