প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে সরকারি ছুটি ও দুটি গুরুত্বপূর্ণ আইনের খসড়াসহ তিনটি প্রধান প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ের ১ নম্বর ভবনের ৪০০ নম্বর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অনুমোদিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনটি বাংলাপোস্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

১. ২০২৭ সালের সরকারি ছুটির খসড়া অনুমোদনজনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে ৭ দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার) সাপ্তাহিক ছুটির দিন পড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা প্রকৃতপক্ষে ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি ধর্মীয় পর্ব ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব 'বৈসাবি' উপলক্ষে ঐচ্ছিক ছুটির বিধানও রাখা হয়েছে।

২. ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর অনুমোদনদেশে সৌরবিদ্যুৎ কার্যক্রমের দ্রুত প্রসার নিশ্চিত করতে সম্প্রতি জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’-কে আইনে পরিণত করার লক্ষ্যে এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিল হিসেবে উপস্থাপনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এটি অনুমোদন করা হয়।

৩. ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর অনুমোদনসরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম-আচরণ নিশ্চিত করার লক্ষ্যে 'পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই আইনে দেশীয় শিল্পের সুরক্ষা, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী দরপত্রদাতা এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলোর জন্য কেনাকাটায় বিশেষ সুযোগ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থা (Alternative Procurement Arrangement) এবং সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সহজ করার বিধান এতে যুক্ত করা হয়েছে।