দক্ষিণ কোরিয়া প্রতিবেদক
আজ সকালে ওয়াংগুকদং মিডল স্কুলের চারজন কোরিয়ান শিক্ষিকা আনসান মসজিদ পরিদর্শনে আসেন। তাঁরা হলেন কিম মিন, কিম উ ইয়ং, বাক সু হিয়ন ও কিম উন বিন। স্কুলের শিক্ষার্থীদেরকে তাঁরা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা দেবেন। বাচ্চাদের শেখাতে হলে আগে নিজেদের শিখতে হবে, এই উদ্দেশ্যেই তাঁরা মসজিদে আসেন। মুসলিমরা কীভাবে নামাজ পড়ে এবং তাদের ধর্মগ্রন্থ কেমন, তা জানতে চান।
মসজিদের ইমাম তাঁদেরকে পবিত্র কুরআনের কিছু অংশ তেলাওয়াত করে শোনান। তারপর সূরা মারইয়ামের তরজমা পড়তে দেন, কিম মিন খুব সুন্দরভাবে পড়ে শোনান। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কুরআনের আরও কয়েকটি আয়াত বের করে দিলে তাঁরা নিজেরাই সেগুলো পড়েন। অল্প সময়েই তাঁরা ইসলাম সম্পর্কে একটা ধারণা পান।
যাওয়ার সময় তাঁদের জন্য সামান্য নাশতার ব্যবস্থা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের বিশ্বাস নিয়ে লেখা একটি বইও তাঁদের উপহার দেওয়া হয়। খুব খুশি হয়ে তাঁরা বিদায় নেন। আশা করা যায়, তাঁরা তাঁদের ছাত্রছাত্রীদের কাছে ইসলামকে যথাযথভাবে উপস্থাপন করবেন।
বিশ্বে প্রতি চারজনে একজন মুসলিম। দুই বিলিয়ন মুসলিম থাকা সত্ত্বেও জাপান, কোরিয়া ও আরও কিছু অঞ্চলের মানুষ ইসলাম সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না। তাদের ইসলাম গ্রহণের হার যেমনই হোক, ইসলাম সম্পর্কে সঠিক ধারণাটা জোরালোভাবে ছড়িয়ে দেওয়া জরুরি। মুসলিম না হয়েও ইসলামের অনেক নৈতিকতা ও সৌন্দর্য থেকে আধুনিক বিশ্বের মানুষ উপকৃত হতে পারে।
কিন্তু মুসলিমরা এ ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারছে, সেটাই এখন বড় প্রশ্ন।





