দক্ষিণ কোরিয়ার ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওল (Park Yong-cheol)-এর সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাংহোয়াস্থ মেয়রের কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে তারা মিলিত হন। বৈঠকটিতে প্রধানত গাংহোয়া অঞ্চলে কৃষি ও অন্যান্য খাতে বাংলাদেশের যোগ্য ও দক্ষ ‘মৌসুমি কর্মী’ (Seasonal Workers) প্রেরণের সম্ভাবনা ও প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর কোরিয়া সরকার এবং গাংহোয়া কাউন্টি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কর্মঠ ও পরিশ্রমী জনশক্তি কোরিয়ার স্থানীয় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।
অন্যদিকে, মেয়র পার্ক ইয়ং-চোওল বাংলাদেশী কর্মীদের দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে গাংহোয়ায় মৌসুমি কর্মী হিসেবে বাংলাদেশীদের যুক্ত করার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় উভয় পক্ষ ই-৮ (E-8) বা সংশ্লিষ্ট ক্যাটাগরির অধীনে মৌসুমি কর্মসংস্থান ব্যবস্থা চালুর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মী বিনিময়ের প্রশাসনিক বিষয়গুলো সহজীকরণের ওপর জোর দেন। এ দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়।
কর্মকর্তারা আশা প্রকাশ করছেন যে, এই বৈঠকের সুবাদে খুব শীঘ্রই গাংহোয়া কাউন্টিতে বাংলাদেশী মৌসুমি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার উন্মোচিত হবে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।




