সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই কাপুরুষোচিত হামলায় হতাহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একইসাথে সৌদি সরকার ও সৌদির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের সামরিক আগ্রাসন কোনো সমাধান নয়। সংকট নিরসনে সামরিক পথ পরিহার করে কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ উদ্যোগের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।