যান্ত্রিক গোলযোগ মেরামতের পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি।
বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) ফ্লাইট বিজি ৩৭৭ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। রাত ৩টার দিকে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। উড়োজাহাজটি নির্ধারিত সময়ে রানওয়ের উদ্দেশে এগোতে শুরু করলেও উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ক্যাপ্টেন ইমামুল কারিগরি ত্রুটির কথা ঘোষণা করেন এবং উড়োজাহাজটিকে পুনরায় বে-তে ফিরিয়ে আনা হয়। এরপর নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীসহ সকল যাত্রীকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপ-মহাব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের নিজস্ব প্রকৌশল দল ও জাপানের স্থানীয় টেকনিশিয়ানদের যৌথ প্রচেষ্টায় ত্রুটি সফলভাবে নিরসন করা হয়।
রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও উড্ডয়নোপযোগী ঘোষিত হলে প্রধানমন্ত্রীসহ সকল যাত্রী পুনরায় বিমানে আরোহণ করেন। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে গত ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় মিলিত হন।




