জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি এলাকায় ইমামদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁদের বক্তব্য ও পরামর্শের মাধ্যমে মানুষ নিজেদের সংশোধন করতে পারে। তাই সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ নানা ধরনের অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ইমামদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইমামদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।