বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এই সংক্ষিপ্ত সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশ প্রতি বছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এবারের কপ-৩১ সম্মেলনে আমরা এই হিসাবটি তুলে ধরে আমাদের 'লস অ্যান্ড ড্যামেজ' বা ক্ষতিপূরণ দাবি করব।"
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে লস অ্যান্ড ড্যামেজের পরিমাণ বৃদ্ধির জোরালো দাবি জানানো হবে। জলবায়ু পরিবর্তনের শিকার ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এই তহবিল থেকে দ্রুত অর্থ পায়, সে বিষয়ে জোটবদ্ধভাবে চেষ্টা চালানো হবে।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্বে থাকছে অস্ট্রেলিয়া। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিগত সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর এবারের কপ-৩১-এ বিশেষ গুরুত্ব দেওয়া হবে।




