ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব, শায়খুল ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর খলিফা শতবর্ষী আলেম হযরত হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী (দা. বা.) ১৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৬ নভেম্বর থেকে তাঁর এ সফর শুরু হবে।
এ সফরে তাঁর সঙ্গে থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের (হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও চণ্ডীগড়) সাংগঠনিক সভাপতি এবং ‘খতিবে মেওয়াত’ হিসেবে পরিচিত মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী।
উপমহাদেশের বিশিষ্ট আলেমদের সান্নিধ্য
হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী উপমহাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করেছেন। তিনি শায়খুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর কাছ থেকে খিলাফত লাভ করেন। এ ছাড়া মাওলানা আবদুল কাদির রায়পুরী, মাওলানা যাকারিয়া কান্ধলভী ও মাওলানা আবদুল আজিজ রায়পুরীর মতো মনীষীদের সান্নিধ্য পেয়েছেন।
দাওয়াত ও তাবলিগের কাজেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভী (রহ.)-এর সান্নিধ্য লাভ করেন। পরবর্তী সময়ে মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী ও মাওলানা ইনআমুল হাসান কান্ধলভীর সঙ্গে দাওয়াতি কাজে সময় কাটান। বিশেষ করে ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াত অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তার ও আলেম তৈরিতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
দ্বীনি শিক্ষা ও ইসলাহি কার্যক্রম
বর্তমানে মেওয়াতের মালেব এলাকায় প্রতিষ্ঠিত মাদরাসা ফয়জুল উলুমের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও ইসলাহি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে নিয়মিত জিকির-আজকার ও প্রতি বৃহস্পতিবার বিশেষ ইসলাহি মজলিস অনুষ্ঠিত হয়। তাঁর হাতে বহু মানুষ বাইআত গ্রহণ করেছেন এবং তাঁর খলিফারা বিভিন্ন স্থানে আত্মশুদ্ধির কাজে নিয়োজিত রয়েছেন।
সফরসঙ্গী মাওলানা হাকিমুদ্দিন আশরাফ
সফরসঙ্গী মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী ভারতের একজন বিশিষ্ট বক্তা ও সংগঠক। তিনি হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও চণ্ডীগড়ে জমিয়তে উলামায়ে হিন্দের সাংগঠনিক সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাওড়ুর খারখড়িতে অবস্থিত জামিয়া ইলিয়াসিয়া ইশাআতুল উলুমের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি বক্তৃতার পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত। শিশুদের মনন বিকাশে তাঁর রচিত ‘ফিলিস্তিনি শিশুদের বার্তা’ শীর্ষক লেখাটি প্রশংসিত হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সফরে বিভিন্ন কর্মসূচি
সফরকালে দুই আলেম বাংলাদেশের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান পরিদর্শন, শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন স্থানে ধর্মীয় ও ইসলাহি মাহফিলে অংশ নেবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, তাঁদের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের আলেম সমাজের পারস্পরিক সম্পর্ক, দ্বীনি যোগাযোগ ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে।




