ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে, তবে দেশে ফেরার পর তাকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হলেও তা নেওয়া হবে ন্যায়বিচারের মাধ্যমে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের তাহলে ধরে বেঁধে আনতে হলো না, উনি আসলেন। উনি আসলে উনি বিচারের মুখোমুখি হবেন। উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর লিগাল প্রসেসে যা যা হওয়ার, তাই হবে।’

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারেন, এমন আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। ডিসেম্বরে না ফিরলে আবার আগামী জুন বা পরবর্তী ডিসেম্বর নিয়ে আলোচনা শুরু হতে পারে।

তিনি বলেন, এ ধরনের জল্পনা নিয়ে বারবার আলোচনা না করাই ভালো। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের অনুমান করা হচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘এটলিস্ট ১৮ বছর পরে। তবে হ্যাঁ, উনি দেশে ফিরে আসলে ন্যায়বিচার ফেস করবেন। উনি কোনো মব ফেস করবেন না, উনি কোনো রকম কোনো বেআইনি কিছু ফেস করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা ন্যায়বিচার দিয়ে উনার বিরুদ্ধে যে আমাদের প্রতিশোধগুলি, সেটা ন্যায়বিচার দিয়ে। উনি ন্যায়বিচার করেন নাই, আমরা ন্যায়বিচার করে সেটা করব। আসুক, উনাকে ধন্যবাদ, উনাকে ওয়েলকাম করি।’